পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান ‘আলোচনাতীত’: কিম ইয়ো জং
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কিম ইয়ো জং বলেছেন, পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা বা দর-কষাকষির সুযোগ নেই এবং পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান ‘আলোচনাতীত’।
রোববার (৭ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে ‘সেকেলে কল্পনা’ বলে আখ্যা দেন।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা খর্ব করার উদ্দেশ্যে কোনো ধরনের চাপ দেশটি মেনে নেবে না।
এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন শি জিনপিং-এর উত্তর কোরিয়া সফরের প্রস্তুতি চলছে। প্রায় সাত বছর পর এটি হবে চীনা প্রেসিডেন্টের প্রথম পিয়ংইয়ং সফর।
কিম ইয়ো জং হোয়াইট হাউসের সাম্প্রতিক সেই দাবিও প্রত্যাখ্যান করেন, যেখানে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন লক্ষ্য হলো কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা। তার ভাষায়, এ ধরনের বক্তব্য বাস্তবতা থেকে বিচ্ছিন্ন।
তিনি পুনর্ব্যক্ত করেন, ‘দেশের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা জোরদারের নীতি অপরিবর্তনীয় এবং নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী তা অব্যাহত থাকবে। জাতীয় নিরাপত্তার জন্য পারমাণবিক সক্ষমতাকে অপরিহার্য।’
সম্প্রতি উত্তর কোরিয়া সামরিক শক্তি বৃদ্ধির বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। চলতি সপ্তাহেই দেশটির নেতা কিম জং উন পারমাণবিক অস্ত্রভান্ডার ‘সূচকীয় হারে’ বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ক্ষেপণাস্ত্র উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়েছে।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে। ২০২৩ সালে দেশটি সংবিধানে আনুষ্ঠানিকভাবে নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে