পরমাণু অস্ত্র বাড়াতে নতুন কারখানা চালু উত্তর কোরিয়ার, পরিদর্শনে কিম
পারমাণবিক অস্ত্রভান্ডার আরও সমৃদ্ধ করতে একটি নতুন পরমাণু উপকরণ উৎপাদন কেন্দ্র চালু করেছে উত্তর কোরিয়া। বুধবার (৩ জুন) দেশটির সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ এ খবর জানালেও কারখানাটি কোথায় অবস্থিত, তা প্রকাশ করেনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেসিএনএর প্রকাশিত ছবিতে নেতা কিম জং উনকে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করতে দেখা গেছে। বিশ্লেষকদের ধারণা, এটি দেশটির ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সের ভেতরে নতুন কোনো স্থাপনা হতে পারে। কিম জানান, গত পাঁচ বছরে উত্তর কোরিয়ার অস্ত্র তৈরির উপযোগী পারমাণবিক উপকরণ উৎপাদনের সক্ষমতা দ্বিগুণের বেশি বেড়েছে। পারমাণবিক শক্তির ‘গুণগত ও পরিমাণগত’ উন্নয়নের গতি আরও বাড়াতে তিনি বেশ কিছু কর্মপরিকল্পনাও দিয়েছেন।
এমন এক সময়ে এই ঘোষণা এল, যখন মধ্যপ্রাচ্যে তেহরানের সঙ্গে শান্তি আলোচনা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিক্ষিপ্ত হামলা-পাল্টা হামলায় এপ্রিলের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সাম্প্রতিক মাসগুলোতে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সামরিক শক্তির একটি অংশ মধ্যপ্রাচ্যে সরিয়ে নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র।
কিমের এই পরিদর্শন ঘিরে জল্পনা তৈরি হয়েছে যে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং শিগগিরই পিয়ংইয়ং সফরে আসতে পারেন। এর আগে ২০১৯ সালে সফরের সময় সি কিমকে বলেছিলেন, পুরো বিশ্ব চায় উত্তর কোরিয়া যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা এগিয়ে নেয়। উল্লেখ্য, ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক করলেও তাকে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনতে পারেননি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি চলতি বছরের শুরুতে সতর্ক করে বলেছিলেন, উত্তর কোরিয়া তাদের প্রধান স্থাপনাগুলোতে কার্যক্রম জোরদার করেছে এবং পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সিউলের ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের অধ্যাপক ইয়াং মু-জিন বলেন, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সীমিত করার চেষ্টা চলার সময় উত্তর কোরিয়া সম্ভবত বিশ্বকে মনে করিয়ে দিতে চাইছে যে তারা ইতিমধ্যে একটি কার্যকর পরমাণু শক্তিধর রাষ্ট্র।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে