Views Bangladesh Logo

এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীদের অবস্থান

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

গত ২৩ আগস্ট সংগঠনের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২১টি শর্তে কর্মসূচি পালনের অনুমতি দেয় পুলিশ। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামাল স্বাক্ষরিত চিঠিতে নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের শর্ত অনুযায়ী, অনুমোদিত স্থানের বাইরে কোনো কর্মসূচি পালন করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য বা প্রচার এবং উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড না করা, মাদকদ্রব্য ব্যবহার না করা এবং পুলিশের নির্দেশনা মেনে চলার শর্ত দেওয়া হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের যানবাহন পার্কিংয়ের জন্য সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনা রাখতেও বলা হয়েছে।

অনুমতিপত্রে আরও বলা হয়েছে, কর্মসূচির কারণে জনসাধারণের চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা যাবে না। কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবি জানিয়ে আসছেন। সেই দাবিতেই এবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও মানববন্ধন করছেন তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ