Views Bangladesh Logo

ইনকিলাব মঞ্চের আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক কর্তৃপক্ষ

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আহত হয়ে চিকিৎসা নিতে আসা ইনকিলাব মঞ্চের কোনো সদস্য গুলিবিদ্ধ হননি বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি করার মতো গুরুতর আঘাতও কারও ছিল না বলে জানানো হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন—এমন কাউকে পাওয়া যায়নি। যারা এসেছেন, তাদের কারও কাঁদুনে গ্যাসের প্রভাবে সমস্যা হয়েছে, কারও লাঠির আঘাতে পেশিতে চোট লেগেছে। দুয়েকজনের শরীরের কোথাও কোথাও কেটে গেছে। তবে কারও আঘাতই ভর্তি করার মতো নয়।

এর আগে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের পাশাপাশি অন্তর্বর্তী সরকার ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকেও জানানো হয়, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আব্দুল্লাহ আল জাবেরের বাঁ পায়ের হাঁটুর ওপর একটি আঘাতের চিহ্ন রয়েছে। একই ধরনের আঘাত নিয়ে আরও কয়েকজন চিকিৎসা নিয়েছেন। সব মিলিয়ে ২২ থেকে ২৩ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

চিকিৎসা নেওয়াদের মধ্যে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারও রয়েছেন।

এছাড়া মনির, ফয়সাল, জয়, জুলকার, মোশাররফ, নিলয়, অনিক, উমর, রাহাত, রাসেল, আহাদ, মাহিন, আজাদ, শামিম, সোহেল, শাওন, জাবেদ ও শামিমসহ আরও কয়েকজন জরুরি বিভাগে চিকিৎসা নেন বলে পুলিশ জানিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ছেড়ে দেওয়া হয়েছে এবং অনেকেই চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ