পদত্যাগ না করেই নির্বাচনে লড়তে পারবেন দলীয় মনোনয়ন বঞ্চিত এমপিরা: ইসি
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বর্তমান সংসদ সদস্যরা স্বপদে থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সকল প্রার্থীরা বর্তমানে সংসদ সদস্য হিসেবে রয়েছেন তারা দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে সংসদ সদস্য হিসেবে তাদের মর্যাদা বজায় রেখে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরপিও অনুযায়ী, একজন প্রার্থী দুটি উপায়ে সংসদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন; হয় একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অথবা নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হয়ে। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে তাকে অবশ্যই তার মনোনয়নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষরের একটি তালিকা জমা দিতে হবে। পূর্বে সংসদ সদস্য ছিলেন এমন প্রার্থীর ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য নয়।
সুতরাং রাজনৈতিক দলের সদস্য হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কোনো প্রার্থী সংসদ থেকে পদত্যাগ না করেও রাজনৈতিক দলের সদস্য অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিংবা সংরক্ষিত আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজশাহী সফরকালে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানার কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা। এ সময় তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাইলে সংসদ সদস্যদের পদত্যাগ করতে হবে।
তবে সাবেক নির্বাচন কমিশনাররা গণমাধ্যমকে বলেছেন, আরপিও ১৯৭২ অনুসারে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে বর্তমান সংসদ সদস্যদের পদত্যাগ করার দরকার নেই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে