Views Bangladesh Logo

ব্যয় কমানোর পরিকল্পনা নকিয়ার

বিশ্বের সাড়া জাগানো ও ফিনল্যান্ডের টেলিকম সংস্থা নকিয়া নতুন ব্যয় সংকোচন নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। সংস্থার পরিকল্পনা অনুযায়ী সারাবিশ্বে ১৪ হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে, যা মোট কর্মীর প্রায় ২০ শতাংশ।

বর্তমানে নকিয়ার মোট কর্মী সংখ্যা ৭৪ হাজারের বেশি, যার মধ্যে ভারতে কাজ করছে ১৭ হাজারের বেশি। ফলে, এই সংকোচনের সবচেয়ে বড় প্রভাব পড়ার আশঙ্কা ভারতে থাকা কর্মীদের ওপর।

সংস্থার সিদ্ধান্ত এমন সময় এসেছে, যখন মাইক্রোসফট, অ্যামাজন, গুগলসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানও বড় আকারে কর্মী সংকোচন করেছে। এর পাশাপাশি ফেসবুকের নির্মাতা সংস্থা মেটাও ১৫ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করেছে।

নকিয়ার ব্যবসায় গত বছর কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। ২০২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকে বিক্রি হয়েছে ৩৯ কোটি ইউরো, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কম।

সংস্থার পুনর্গঠন প্রক্রিয়ায় ইতোমধ্যে ভারতে সমর মিত্তলকে ব্যবসাপ্রধান এবং বিভা মেহরাকে ব্র্যান্ড ব্যবসা ব্যবস্থাপক করা হয়েছে। বিশেষ করে যেসব বিভাগে একই ধরনের কাজ একাধিক টিম করছে, সেখানে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা বেশি।

নকিয়া ২০২৩ সালে ক্লাউড ও নেটওয়ার্ক সার্ভিসেস ইউনিটকে মোবাইল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেছে। এর ফলে পুনরাবৃত্তিমূলক কাজ কমানো এবং দক্ষতা বাড়ানোর জন্য এই সংকোচন নীতি কার্যকর হবে।

ইউরোপেও কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে। জার্মানি, গ্রিস, ইতালি ও ফ্রান্সে সহস্রাধিক কর্মী সংস্থা থেকে বিচ্যুত হতে পারেন। নকিয়ার প্রতিদ্বন্দ্বী এরিকসনও গত বছর ৫ হাজার কর্মী কমিয়েছে এবং ভবিষ্যতেও আরও ছাঁটাই করতে পারে।

সব মিলিয়ে টেলিকম শিল্পে ব্যয় সংকোচন এবং কাজের দক্ষতা বাড়ানো এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ