Views Bangladesh Logo

গায়ক নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল–এর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান জানান, আসামি জামিনের সময় নির্ধারিত আপসের শর্ত ভঙ্গ করেছেন। শর্ত অনুযায়ী বাদীর সঙ্গে বিয়ের কথা থাকলেও জামিনে মুক্তি পাওয়ার পর নোবেল তা করেননি এবং আত্মসাৎ করা অর্থও ফেরত দেননি। এ কারণে আদালতে তার জামিন বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপসের শর্তে নোবেলকে জামিন দিয়েছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হলে আদালত ২ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

এরও আগে, গত বছরের ১৩ আগস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, পরিচিত ছোট ভাই মাসুদ রানা এবং সহকারী মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন আনাননিয়া শবনম রোজ (অনন্যা)। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআইয়ের উপ-পরিদর্শক নুরুজ্জামান পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরে ২ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, নোবেল প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে বাদীর কাছ থেকে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন। এছাড়া বাদীকে আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি তৈরির চেষ্টারও অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় অন্য আসামিরাও তাকে সহযোগিতা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ