Views Bangladesh Logo

চোখে পড়ার মতো ভোটার উপস্থিতি নেই

ভিড় কিংবা হট্টোগোল নেই। নিরাপত্তারও কোনো অভাব ছিল না; কিন্তু যাদের জন্য এই আয়োজন চোখে পড়ার মতো, সেই ভোটাররাই ছিল কম। ভোটকেন্দ্রগুলোর বাইরে চিরচেনা সেই লম্বা লাইন রাজধানীর কোথাও চোখে পড়েনি।

রাজধানীর রামপুরা, বনশ্রী, গুলশান, ধানমন্ডি, পুরান ঢাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে কোথাও ভোটারদের লম্বা লাইন দেখা যায়নি। তবে কেউ ভোটার নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলেননি। ঢাকার তারকা প্রার্থী নায়ক ফেরদৌসও ভোটারদের টানতে পারেননি।

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী শাখা ভোটকেন্দ্র, সময় সকাল ১০টা। এই কেন্দ্রটিতে পুরুষ ভোটারের সংখ্যা ১৩ হাজার ১০০ জন। ভোটকেন্দ্রের ৩ নম্বর কক্ষে সকাল ১০টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় ৫৩৯ ভোটারের মধ্যে ৯ জন ভোট দিতে এসেছিলেন। কক্ষটিতে নৌকা ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্টও ছিলেন না।

কক্ষটির সহকারী প্রিসাইডিং অফিসার জানালেন, নৌকা ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্ট আসেননি। এ কেন্দ্রের ৫ নম্বর কক্ষেও ৫৪০ জন ভোটারের মধ্যে প্রথম দুই ঘণ্টায় ভোট দিয়েছেন ১৬ জন। অন্য কক্ষগুলোর অবস্থাও একই। ভোটর উপস্থিতি ১০ থেকে ২০ জনের মধ্যে।

রাজধানীর বনশ্রীর হলি ক্রিসেন্ট স্কুলের ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আসিফুল ইসলাম জানান, তার কেন্দ্রে ৩৪১৭ জন মহিলা ভোটার রয়েছেন। সকাল সাড়ে ১০টা নাগাদ ভোট দিতে এসেছেন ১০০ জন। এ কেন্দ্রের দুটি কক্ষ ১ নম্বর-এ ৫৭৩ জন ভোটারের মধ্যে সকাল সাড়ে ১০টায় ৪ এবং ২ নম্বর কক্ষে ৫৭৬ ভোটারের মধ্যে ৬ জন ভোট দিয়ে গেছেন।

রাজধানীর মহানগর প্রজেক্টের আল ফুরকান স্কুলের ৬১ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এ কে এম হাসান সকাল ১১টার দিকে জানান, তার কেন্দ্রে ২৫৬১ জন ভোটারের মধ্যে ৬১ জন ভোট দিয়েছেন। তবে ১০টার পর থেকে ভোটারের সংখ্যা বাড়ছে বলে তিনি জানান।

রাজধানীর গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেন্দ্রে পুরুষ কেন্দ্রের বুথ নম্বর ৪-এ ৫০৪ জন ভোটারের মধ্যে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৮টি। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার প্রবীর রায় জানান, সকাল ১০টা পর্যন্ত তার কেন্দ্রের ২ হাজার ৬৬০ জনের মধ্যে ১০০ জন ভোট দিয়েছেন।

একই কেন্দ্রের নারী ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জসিম উদ্দিন জানান, তার কেন্দ্রের ২ হাজার ৩১৮ ভোটারের মধ্যে ১৫০ জন ভোট দিয়ে গেছেন। তবে এখানের প্রথম তিন ঘণ্টায় তেমন ভোট পড়েনি। সকাল ১১টার পর ভোটার আসতে শুরু করেছে।

আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের নারী ভোটকেন্দ্রের ১ নম্বর কক্ষের ৪৬৫ ভোটারের মধ্যে দুপুর ১২টা ৪৫ মিনিটে ২৪ জন, ২ নম্বর কক্ষে ৪৫৯ জনের মধ্যে ২২ জন, ৩ নম্বর কক্ষে ৩২১ জনের মধ্যে ১৮ জন, ৪নং কক্ষে ৩৩০ জনের মধ্যে একই সময়ে ১৮ জন ভোট দিয়েছেন বলে সহকারী প্রিসাইডিং অফিসার জানান।

তবে পুরুষ ভোটকেন্দ্রের ৫নং কক্ষে একই সময়ে ৩৯৩ জনের মধ্যে ৭১ জন, ৬ নম্বর কক্ষে ৪০০ জনের মধ্যে ৫৫ জন ভোট দিয়েছেন ১টা পর্যন্ত। ড. মালেকা কলেজ ধানমন্ডিতে ১০৬ নম্বর কক্ষে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৪৬৮ জনের মধ্যে ৩৮, ১০৭ নম্বর কক্ষে সমানসংখ্যক ভোটারের মধ্যে ৫০ এবং ১০৮ নম্বর কক্ষেও সমানসংখ্যক ভোটারের মধ্যে ৪২ জন ভোট দিয়েছেন।

রাজধানীর কেন্দ্রগুলোর বাইরে নৌকার সমর্থক থাকলেও অন্য কোনো দলের সমর্থক দেখা যায়নি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা নির্বাচন করছেন তাদেরও কোনো কর্মী-সমর্থক দেখা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ