বিজয় মিছিল নয়, জুমার পরে মসজিদে দোয়া হবে: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেছেন, ‘জনগণের রায় উদযাপনের সর্বোত্তম উপায় হলো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।’
বৃহস্পতিবার মধ্যরাতে এক বিবৃতিতে তারেক রহমান এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘এ বিজয় কোনো দলের একার নয়; এটি দেশের গণতন্ত্রকামী মানুষের বিজয়। তাই অহেতুক শোভাযাত্রা বা মিছিল না করে আমরা সংযম দেখাবো।’
তিনি নির্দেশ দেন, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সারা দেশে মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করতে, যেন দেশ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।
দলীয় সূত্র জানায়, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক ইউনিটগুলোকে ইতোমধ্যে বার্তা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে হবে। সম্ভাব্য বিজয় মিছিলের পরিবর্তে সীমিত পরিসরে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে