দুর্নীতিকে প্রশ্রয় নয়, গ্রামাঞ্চলের রাস্তাঘাটে অগ্রাধিকার: স্থানীয় সরকারমন্ত্রী
গ্রামাঞ্চলের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী দিনে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে উন্নয়নের নামে অনেক মেগা প্রকল্পে দুর্নীতি হয়েছে। পাশাপাশি অঞ্চলভিত্তিক বৈষম্যের কথাও তুলে ধরে তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সময়ের দায়িত্বশীলরা নিজ নিজ এলাকায় বেশি বরাদ্দ নেওয়ায় উত্তরাঞ্চলের রাস্তাঘাট অবহেলিত থেকে গেছে।
সংসদ সদস্য আখতার হোসেন তার বক্তব্যে জানান, তার নির্বাচনী এলাকায় সড়কের অবস্থা খুবই নাজুক। বর্ষা মৌসুমে মানুষের চলাচল ব্যাহত হয় এবং কৃষকরা সময়মতো পণ্য বাজারে নিতে পারেন না, ফলে তারা ন্যায্য দাম থেকেও বঞ্চিত হন।
তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, কাউনিয়া উপজেলায় ৫৩৫ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ১৯৮ কিলোমিটার পাকা। পীরগাছা উপজেলায় ৮৪২ কিলোমিটারের মধ্যে ২৫১ কিলোমিটার পাকা। পুরো আসনে ১ হাজার ৩৭৭ কিলোমিটার রাস্তার মধ্যে ৮৮৮ কিলোমিটার এখনো কাঁচা রয়েছে।
এ অবস্থায় স্থানীয় পর্যায়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ কোনো প্রকল্প নেওয়া হবে কি না—এ বিষয়ে মন্ত্রীর কাছে জানতে চান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে