মোহাম্মদপুরে এখন কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই: র্যাব
রাজধানীর মোহাম্মদপুরকে ‘গডফাদারমুক্ত’ করতে বিশেষ অভিযান চলছে। এসব অভিযানের কারণে এলাকায় বর্তমানে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাঈমুল হাসান এ কথা জানান।
তিনি বলেন, মূলত গডফাদারদের গ্রেপ্তারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নিচের সারির সদস্য বা ছোটখাটো গ্রুপগুলোর দিকে খুব বেশি নজর দেওয়া হচ্ছে না। গডফাদারদের গ্রেপ্তারের ফলে মোহাম্মদপুর আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল হয়েছে। আশা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে এলাকাটি আরও নিরাপদ ও বসবাসযোগ্য হয়ে উঠবে।
মোহাম্মদপুরকে ‘গডস সিটি’ হিসেবে পরিচিত করার যে প্রবণতা তৈরি হয়েছে, সেটিকে মূলত একটি ধারণা হিসেবে উল্লেখ করেন র্যাব কর্মকর্তা। তিনি বলেন, মোহাম্মদপুরকে ওই ধারণা থেকে বের করে আনার চেষ্টা চলছে এবং এতে অনেকটাই সফল হওয়া গেছে। দ্রুত এলাকাটি থেকে কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড পুরোপুরি নির্মূল করার আশা করছেন তারা।
তিনি আরও বলেন, মোহাম্মদপুরকে সন্ত্রাসী ও অপরাধীদের দখলমুক্ত করার চলমান অভিযান রাজধানীকে নিরাপদ ও অপরাধমুক্ত করার বৃহত্তর কার্যক্রমের অংশ।
এদিকে মোহাম্মদপুরে কিশোর গ্যাং নেতা ‘অ্যালেক্স ইমন’ হত্যার বিষয়ে জানতে চাইলে র্যাব-২-এর অধিনায়ক বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারবেন। হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করাকে তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে জানান তিনি। তবে র্যাব সরাসরি মামলাটির তদন্ত করছে না বলে এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশই বিস্তারিত তথ্য দিতে পারবে।
মতামত দিন