Views Bangladesh Logo

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউই পাস করেননি, শতভাগ পাস ১৩৯টিতে

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছর এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের পর শিক্ষা বোর্ডগুলোর পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২৯৩টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। বিপরীতে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন এমন প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ১৩৯টি।

গত বছর ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ৯ হাজার ৩০২টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে ২০২টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। সে বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪৫টি।

পরিসংখ্যান অনুযায়ী, এক বছরের ব্যবধানে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৮৮টি বাড়লেও শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২০৬টি। একই সময়ে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।

অন্যদিকে, গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ