Views Bangladesh Logo

ছয় মাসেও বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই: চরমোনাই পীর

নির্বাচনের আগে বিএনপি জনগণকে নানা আশার কথা শোনালেও সরকার গঠনের ছয় মাস পরও তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করীম বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। তার দাবি, ছয় মাসে ২০ হাজার মানুষ কর্মহীন হয়েছেন এবং দেশে প্রতিদিন গড়ে ১০টি হত্যাকাণ্ড ঘটছে। এসব ঘটনা সরকারের ব্যর্থতারই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের কঠোর সমালোচনা করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর পুলিশ অনেক ক্ষেত্রে আসামিদের গ্রেপ্তার করলেও বিচারপ্রক্রিয়া শেষ পর্যন্ত কার্যকর হচ্ছে না। নিম্ন আদালতে রায় হলেও তা বাস্তবায়ন না হওয়ায় মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অপরাধ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আগেই সক্রিয় করার আহ্বান জানান তিনি।

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন চরমোনাই পীর। তার ভাষ্য, লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং জ্বালানি সংকট দেশের স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অন্যথায় জনঅসন্তোষ তীব্র আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করেন।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে রেজাউল করীম বলেন, এ বিষয়ে ইসলামী আন্দোলন দীর্ঘদিন ধরে কথা বললেও সরকারের ভূমিকা হতাশাজনক। জুলাই সনদের আলোকে রাষ্ট্রপতি নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে যে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিল, তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। সংস্কারের অন্যান্য বিষয়েও সরকার কার্যত বিরোধী অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, সাংবিধানিক কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার সুযোগ নিয়েই অতীতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তাই জুলাই সনদের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তির পথ বন্ধ করতে হবে। সরকার সংস্কার কার্যকর না করলে ভবিষ্যতে যে কোনো ভয়াবহ পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ