Views Bangladesh Logo

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি

আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে বড় ধরনের কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘আগামী ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটিকে কেন্দ্র করে আমরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমরা সতর্ক অবস্থানে আছি।’

নজরুল ইসলাম আরও জানান, নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সাথে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা আশ্বস্ত করে বলেন, ঢাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। যেকোনো মূল্যে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা রুখে দিতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।

পরিস্থিতি বিবেচনা করে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কাবস্থা বজায় থাকবে বলেও জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ