Views Bangladesh Logo

খামেনির শেষ বিদায়ে সৌদি আরবের কোনো প্রতিনিধি নেই

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ প্রতিনিধি পাঠালেও সৌদি আরব থেকে কোনো প্রতিনিধি অংশ নিচ্ছেন না। একই সঙ্গে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) অন্য সদস্য দেশগুলোরও কেউ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না।

ইরান খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ আয়োজনে প্রথম দিন বিদেশি রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়েছে। শনিবার থেকে সাধারণ মানুষের জন্য খামেনির কফিন উন্মুক্ত স্থানে রাখা হবে।

সংবাদমাধ্যম হাউজ অব সৌদের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত সৌদি আরব খামেনির শেষ বিদায়ে অংশ নেওয়ার জন্য কোনো প্রতিনিধি মনোনীত করেনি।

এর আগে ২০২৪ সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তার জানাজায় অংশ নিয়েছিলেন। তবে এবার খামেনির মৃত্যুতে রিয়াদের পক্ষ থেকে একই ধরনের পদক্ষেপ দেখা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনও এখন পর্যন্ত কোনো প্রতিনিধি পাঠায়নি।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলোর এই অবস্থান কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তারা এখন পর্যন্ত খামেনির মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রকাশ করেনি এবং ইরানের নতুন নেতৃত্ব নিয়েও প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। ওই হামলার দিনই আয়াতুল্লাহ আলি খামেনি পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ