ফাইনাল ম্যাচের আগে রেফারিকে সতর্ক করলেন স্পেনের কোচ
আর্জেন্টিনার বিপক্ষে ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনালের আগে রেফারিকে কোনো ধরনের শিথিলতা না দেখানোর জন্য সতর্ক করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই মঞ্চে নিয়মকানুনের যেন কঠোর প্রয়োগ নিশ্চিত করা হয়, সেই আহ্বান জানিয়েছেন তিনি।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলোতে রেফারিং নিয়ে ওঠা নানা বিতর্কের প্রেক্ষাপটেই স্প্যানিশ কোচের এমন মন্তব্য এসেছে। শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর মিশরের কোচ হোসাম হাসান এবং মিডফিল্ডার মোস্তফা জিকো রেফারির বিরুদ্ধে আর্জেন্টিনার পক্ষ নেওয়ার অভিযোগ তোলেন। পরবর্তীতে ম্যাচ অফিশিয়ালদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনও ।
এমন এক উত্তপ্ত পরিস্থিতির মাঝেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। স্পেনের কোচ স্পষ্ট করে দিয়েছেন যে, রেফারিকে অবশ্যই খেলার নিয়মাবলি সমানভাবে এবং দৃঢ়তার সাথে প্রয়োগ করতে হবে।
স্প্যানিশ দৈনিক 'স্পোর্ট'-কে দেওয়া এক সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি মাঠে কোনো ধরনের শৈথিল্য দেখাতে পারেন না এবং নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করতে দেওয়া যাবে না। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ফুটবলের নির্ধারিত সীমানা ও নিয়মকে অবশ্যই সম্মান জানাতে হবে।’
অবশ্য এমন মন্তব্যের পাশাপাশি ম্যাচ অফিশিয়ালদের প্রতি নিজের পূর্ণ আস্থার কথাও প্রকাশ করেছেন স্প্যানিশ বস। তিনি বলেন, ‘রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। তবে তার চেয়েও বেশি আস্থা আছে আমার দলের ওপর। কারণ আমরা জানি, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কী ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হয়।’
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির এক সময়কার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা দে লা ফুয়েন্তে জোর দিয়ে বলেন, প্রতিপক্ষের কৌশল কী হবে তা নিয়ে ভাবার চেয়ে নিজেদের ফুটবলেই বেশি মনোযোগী তাঁর দল।
তিনি বলেন, আর্জেন্টিনা তাদের নিজস্ব স্টাইলে খেলবে, কিন্তু আমাদের মনোযোগ থাকবে কেবল আমাদের ওপরই। আমাদের লক্ষ্য হলো নিজেদের ফুটবলকে আরও শক্তিশালী করা এবং নিজস্ব পরিচিতি ধরে রেখে খেলা চালিয়ে যাওয়া।
ফাইনালের মতো বড় মঞ্চের চাপ বা অন্য কোনো বাহ্যিক প্রভাবে খেলোয়াড়রা যেন স্পেনের চিরাচরিত ফুটবল দর্শন থেকে বিচ্যুত না হয়, সেই বিষয়েও সতর্ক করেছেন তিনি। দে লা ফুয়েন্তে বলেন, আমরা যদি আমাদের নিজস্ব শৈলী ও ফুটবল নীতি থেকে সরে আসি, তবে আমাদের ভুগতে হবে। আমরা নিজেদের মতো করে ফুটবল খেলতে চাই এবং কোনো বিভ্রান্তি ছাড়াই আমাদের নিজস্ব ভাবনায় অবিচল থাকতে চাই। এর অর্থ এই নয় যে আর্জেন্টিনা অন্যায় কিছু করবে, তবে আমাদের মূল ফোকাস অবশ্যই আমাদের নিজেদের খেলার ওপরই থাকতে হবে।
রোববার রাতে (বাংলাদেশ সময় ১৯ জুলাই সোমবার ভোর) ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুটের লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।
মতামত দিন