ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের বড় সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, গত ১৬ বছর ধরে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন–সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে বলে আমরা মনে করছি। নির্বাচন সুষ্ঠু হলে দেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের একটি বড় সুযোগ সৃষ্টি হবে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলেও তিনি বিশ্বাস করেন।
তিনি আরও বলেন, বিএনপি সব নির্বাচনকেই গুরুত্ব দিয়ে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল হিসেবে বিবেচনা করে না। জামায়াত কৌশলগতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী।
মির্জা ফখরুল বলেন, যাকে খুশি তাকেই ভোট দিন এটাই আমাদের অবস্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে