Views Bangladesh Logo

রাশিয়া থেকে জ্বালানি কিনতে অনুমতি চেয়ে চিঠির জবাব দেয়নি যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের দেওয়া চিঠির এখনো জবাব দেয়নি ওয়াশিংটন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এমনটিই জানিয়েছেন।

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়ে পাঠানো চিঠির অগ্রগতি জানতে চাইলে মনির হোসেন চৌধুরী বলেন, 'এখন পর্যন্ত আমরা জবাব পাইনি।'

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মনির হোসেন বলেন, 'হিসাব করে দেখেছি, আমাদের পর্যাপ্ত মজুত আছে। কোনো সংকট নেই। ডিজেলের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আমরা মাসভিত্তিক পরিকল্পনা অনুযায়ী আমদানি করছি। পরিকল্পনামতো তেলবাহী জাহাজগুলো আসছে। এপ্রিল পর্যন্ত আমরা পুরোপুরি নিরাপদ।'

এর আগে গত সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি বিভাগের মুখপাত্র বলেন, 'রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতকে যেভাবে স্যাংশন ওয়েভার দেওয়া হয়েছিল, ঈদের আগের দিন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে সরকারের বৈঠকে আমরা তাদের বোঝাতে চেষ্টা করেছি, রাশিয়া থেকে যেন অন্তত দুই মাসের অথবা ছয় লাখ মেট্রিক টন ডিজেল আনার অনুমতি দেওয়া হয়।'

তিনি আরও বলেন, 'তারা চিঠি দিতে বলেছিলেন। ঈদের পরদিন অর্থাৎ ২২ মার্চ আমরা সেই চিঠি দিয়েছি। এখন উত্তরের অপেক্ষায় আছি।'

এদিকে রাশিয়া থেকে পরিশোধিত ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্য কিনতে বাংলাদেশের বিশেষ ছাড়ের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে এমন আশ্বাস দিয়েছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। বুধবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় বাংলাদেশের সংকট নিয়ে আলোচনা করেন।

আজকের সংবাদ সম্মেলনে জ্বালানি মুখপাত্র আরও বলেন, জ্বালানি সংকট না থাকলেও এই মুহূর্তে সবার উচিত জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশে সব দোকান, বিপণিবিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ