প্রতিহিংসার ভিত্তিতে কোনো রাজনৈতিক মামলা এই দেশে হবে না: শামা ওবায়েদ
বিএনপিকে জনগণের সেবায় নিয়োজিত সরকার হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, আমরা কে ভোট দিয়েছে আর কে দেয়নি—সেই হিসাব করি না। কে কোন দল করে সেটাও দেখব না। বিএনপি সরকার ১৭ কোটি মানুষের সরকার। দলমত নির্বিশেষে আমরা সবার জন্য কাজ ও সেবা করতে চাই।
গতকাল শনিবার বিকেলে ফরিদপুর-২ আসনের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, নির্বাচনের পর থানায় যে মামলাগুলো হচ্ছে, সেগুলো মূলত নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা। এখন আর কোনো রাজনৈতিক মামলা হচ্ছে না। সবাই নিজ নিজ দল করার অধিকার রাখে। প্রতিহিংসার ভিত্তিতে কারও বিরুদ্ধে রাজনৈতিক মামলা এই দেশে হবে না।
সালথায় চলমান সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা ও সহযোগিতার জন্য কাজ করছে। কিন্তু আপনারা যদি দলীয় প্রভাবে পুলিশের ওপর বা তাদের গাড়িতে হামলা করেন, তাহলে আমি তা মেনে নেব না। আমি কঠোর অবস্থানে আছি, পুলিশ প্রশাসনও কঠোর অবস্থানে থাকবে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা সহিংসতায় জড়াচ্ছে, তারা যে দলেরই হোক না কেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
পরে তিনি বলেন, গত ১৭ বছরে কৃষকদের উন্নয়নে পর্যাপ্ত কাজ হয়নি। খাল ও নদী খননের মতো উদ্যোগ না নেওয়ায় অনেক জলাশয় শুকিয়ে গেছে। এ অবস্থায় সরকার ব্যাপকভাবে খাল খননের পরিকল্পনা নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, ধাপে ধাপে খাল, রাস্তা, কালভার্ট ও সেতুসহ প্রয়োজনীয় সব অবকাঠামো উন্নয়ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন। উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান এবং স্থানীয় বিএনপি নেতারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে