Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপের পরিকল্পনা নেই: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি কোনো সংলাপের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির ইসলামাবাদ সফরটি একটি ‘সরকারি সফর’, এবং এটি আঞ্চলিক শান্তি পুনরুদ্ধারে পাকিস্তানের মধ্যস্থতার অংশ।

শুক্রবার রাতে একটি ছোট প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পৌঁছান আরাগচি। সেখানে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বাঘায়েই জানান, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া সংঘাতের অবসান এবং অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তানের ভূমিকার অংশ হিসেবেই এই সফর। তিনি আরও বলেন, ইরানের অবস্থান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানানো হবে।

ইসলামাবাদে আরাগচিকে স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। সফর উপলক্ষে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পরে আরাগচি ইসলামাবাদের সেরেনা হোটেল-এ অবস্থান নেন এবং সেখানে ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হয়। প্রায় ৪০ দিন পর, ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এর পর ১১ এপ্রিল একই সেরেনা হোটেলে প্রথম দফা সংলাপে বসে দুই পক্ষ। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানি দলের নেতৃত্বে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

তবে প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় সেই বৈঠক। প্রথম দফা সংলাপ ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা নিয়ে আলোচনা চলাকালেই আরাগচির এই ইসলামাবাদ সফর নতুন কূটনৈতিক গুরুত্ব তৈরি করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ