মক্কা চুক্তিতে এই মুহূর্তে অন্য কোনো দেশকে নেওয়া হচ্ছে না: পাকিস্তান
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই মুহূর্তে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য কোনো দেশকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই। এ বিষয়ে কোনো আলোচনাও চলছে না।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামাবাদে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার এ কথা বলেন।
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অন্য দেশকে অন্তর্ভুক্ত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক, যারা বর্তমানে এই জোটের অংশ, তারা বিভিন্ন পর্যায়ে নিয়মিত বৈঠক ও পরামর্শ করছে এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে। তবে এই মুহূর্তে মক্কা চুক্তি সম্প্রসারণ বা নতুন দেশ অন্তর্ভুক্ত করার কোনো প্রস্তাব বিবেচনায় নেই।’
তিনি বলেন, প্রথমে এই তিন দেশকে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় বিদ্যমান সহযোগিতা ও সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে হবে। এর ফলে ভবিষ্যতে একই ধরনের দৃষ্টিভঙ্গি ও প্রয়োজন রয়েছে—এমন অন্যান্য দেশের জন্য জোটে যোগদানের পথ উন্মুক্ত হতে পারে।
এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত সংশ্লিষ্ট তিন দেশ পারস্পরিক পরামর্শের মাধ্যমে নেবে বলেও জানান মুখপাত্র।
সাজ্জাদ হায়দার আরও বলেন, বর্তমানে নতুন দেশ অন্তর্ভুক্তির বিষয়ে কোনো আলোচনা চলছে না। তাই এই পর্যায়ে নতুন কোনো দেশকে জোটে নেওয়ার প্রশ্ন তোলাও সময়ের আগে হয়ে যায়।
মতামত দিন