Views Bangladesh Logo

অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ

রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো ব্যক্তি যেন অন্যায়ভাবে কারাগারে বা আটক না থাকেন, বর্তমান সরকার তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল বিচারপূর্ব আটক রাখা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিএনপি সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, দেশের ইতিহাসে আগে কখনো এমনটা হয়নি। এর সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি ও দলটির নেতাকর্মীরা।

তিনি বলেন, ‘সুতরাং আমরা কখনোই চাইবো না, বর্তমানে বা ভবিষ্যতে আমাদের গত ফ্যাসিস্ট আমল ফিরে আসুক। আমরা চাই, সবার ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করা হোক এবং প্রত্যেক নাগরিকের মানবাধিকার রক্ষা করা হোক।’

জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যেসব মামলা আইনগতভাবে হওয়ার কথা ছিল, সেগুলো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং গুম-খুনের নির্দেশদাতাদের বিরুদ্ধেও মামলা হয়েছে।

তবে অনেক মামলা ‘অতি উৎসাহী’ হয়ে দায়ের করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইন মন্ত্রণালয় এসব মামলাও পর্যালোচনা করবে বলে জানিয়েছে। পর্যালোচনায় কোনো মামলার সত্যতা বা ভিত্তি পাওয়া না গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের সরকারের অবস্থান হলো—আমরা মানবাধিকার রক্ষায় সচেষ্ট এবং জনগণের কাছে দায়বদ্ধ আছি। কোনো বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক বা যে দলই হোক; রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে বা আটক না থাকে, তা বর্তমান সরকার অবশ্যই নিশ্চিত করবে।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ