Views Bangladesh Logo

ভোটকেন্দ্র দখল করতে এলে কেউ বাড়ি ফিরে যেতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে বাড়ি ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চাঁদাবাজ, মাদককারবারি ও সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি দাবি করেন, একটি পক্ষ ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য তারা পাচ্ছেন। এ অবস্থায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বলেন, 'ভোটকেন্দ্র দখল করতে এলে কেউ বাড়ি ফিরে যেতে পারবে না।'

তিনি আরও বলেন, গুলিস্তানে হকিস্টিক ও স্ট্যাম্প শেষ হয়ে গেছে—এমন খবর তারা পেয়েছেন। তবে তারা আইন নিজের হাতে তুলবেন না উল্লেখ করে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে পাটওয়ারী বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসহ মৌলিক অধিকার, এলাকার ড্রেনেজ ব্যবস্থা এবং কাঁচাবাজার সংকট সমাধানে কাজ করা হবে। পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস দমন ও শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, ঢাকা-৮ আসনে তাদের প্রথম এজেন্ডা শহীদ ওসমান হাদির বিচার, দ্বিতীয় এজেন্ডা সন্ত্রাস দমন এবং পরবর্তী লক্ষ্য মাদক, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত সমাজ গঠন। নারীদের ওপর হয়রানি বন্ধে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্কুলে দখল বাণিজ্য বন্ধের প্রতিশ্রুতিও দেন তিনি।

এনসিপির এ নেতা আরও বলেন, ঢাকা-৮ এ চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা 'যুদ্ধ ঘোষণা' করেছেন। তার ভাষায়, কিছু মানুষ প্রতিদিন চাঁদাবাজির পরিকল্পনা করেই দিন শুরু ও শেষ করেন, কিন্তু জনগণ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। তাই এবার নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ