Views Bangladesh Logo

নতুন করে কোনো বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষে আমি না: স্বাস্থ্যমন্ত্রী

তুন করে কোনো বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষে নন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘নতুন করে কোনো বেসরকারি মেডিকেল কলেজ খোলার পক্ষে আমি না। আমাদের যে মেডিকেল কলেজ আছে সেগুলোর কোয়ালিটি নিশ্চিত করতে চাই। কোয়ান্টিটি না, কোয়ালিটি নিশ্চিত করতে কাজ করবো আমি।’


বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। অনেক মেডিকেল কলেজে মানসম্পন্ন শিক্ষক ও শিক্ষার্থীর অভাব রয়েছে। এমনকি অনেক হাসপাতালে রোগীও নেই।’

‘সুতরাং, আমি এই মুহূর্তে আর কোনো বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পক্ষে নই। বরং যেগুলো আছে সেগুলোর মানসম্মত শিক্ষার পক্ষে।’ বলে মন্তব্য করেন ডা. সামন্ত লাল সেন।

তিনি আরও বলেন, ‘আমি কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। আমি নিজে একজন চিকিত্সক এবং আমি কখনই আমাদের ভবিষ্যৎ ডাক্তারকে ভুল চিকিৎসা শিক্ষা দিতে চাই না। আমি শুধু বলতে চাই, আমি মানসম্পন্ন চিকিৎসক তৈরির পক্ষে।’

শিগগিরই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম কঠোর নজরদারির আওতায় আসবে বলেও জানান তিনি।

এদিকে আগামীকাল (৯ ফেব্রুয়ারি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইবছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ৪ হাজার ৩শ ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ