পশ্চিমবঙ্গে ধর্মভিত্তিক সব সরকারি প্রকল্প বন্ধের ঘোষণা
পশ্চিমবঙ্গে ধর্মীয় শ্রেণিভিত্তিক পরিচালিত সব ধরনের সরকারি প্রকল্প বন্ধের ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সোমবার (১৮ মে) রাজ্য সচিবালয় ভবনে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুন মাস থেকে ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিত ভাতাসহ ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে পরিচালিত বিভিন্ন সহায়তামূলক প্রকল্প বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীন চলমান সব ধরনের ধর্মভিত্তিক প্রকল্পও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকার নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগের অধীনে ‘অন্নপূর্ণা যোজনা’ চালুর নীতিগত অনুমোদন দিয়েছে। আগামী ১ জুন থেকে এই প্রকল্প কার্যকর হবে।’
প্রকল্পের বিস্তারিত তুলে ধরে তিনি আরও জানান, পূর্বের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধাভোগীরা স্বয়ংক্রিয়ভাবে নতুন প্রকল্পের আওতায় চলে আসবেন। তবে যারা গত কয়েক মাস ধরে ভাতা পাননি, তাদের সরকার নির্ধারিত পোর্টালে আবেদন করতে হবে। প্রকল্পের আওতায় নারীরা প্রতি মাসে তিন হাজার রুপি করে পাবেন। ভারতীয় নাগরিকত্বের জন্য সিএএ-তে আবেদনকারীদের মধ্যে যাদের আবেদন বিবেচনাধীন রয়েছে এবং এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ব্যক্তিদের মধ্যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন।
এদিনের মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য সপ্তম বেতন কমিশন গঠনের পাশাপাশি প্রতি ১৫ দিন অন্তর মন্ত্রিসভার নিয়মিত বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও আসন্ন বর্ষা মৌসুম সামনে রেখে নিকাশি ব্যবস্থা সচল রাখা, রাস্তা পরিষ্কার, জলাবদ্ধতা নিরসন ও রাস্তার আলোর মতো নাগরিক সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে