‘প্লেয়িং ইট কুল’-এর দিন শেষ, জেন জি-দের নতুন ডেটিং ট্রেন্ড ‘লাউড লুকিং’
ডেটিংয়ের জগতে ‘প্লেয়িং ইট কুল’-এর দিন শেষ হতে চলেছে। কাউকে ভালো লাগলেও তা বুঝতে না দেওয়া, বার্তার উত্তর দিতে ইচ্ছে করে দেরি করা কিংবা নির্লিপ্ত থাকার অভিনয়, এতদিন এসবকেই প্রেমের অলিখিত নিয়ম ধরা হতো।
কিন্তু সেই পুরোনো ছক ভেঙে এবার উল্টো পথে হাঁটছে জেন জি প্রজন্ম। তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ‘লাউড লুকিং’ নামের নতুন ডেটিং ট্রেন্ড, যেখানে সঙ্গী খোঁজার ইচ্ছা ও সম্পর্কের প্রত্যাশা চেপে না রেখে শুরুতেই স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের লাইফস্টাইল প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, লাউড লুকিংয়ের সারকথা হলো নিজের উদ্দেশ্য নিয়ে খোলামেলা থাকা। কেমন সম্পর্ক চান, কেমন মানুষকে খুঁজছেন, তা আভাস-ইঙ্গিতে না বলে সরাসরি বলে দেওয়াই এই ধারার বৈশিষ্ট্য। কেউ কেউ একে ডেটিং অ্যাপ জনপ্রিয় হওয়ার আগের সহজ মেলামেশার ধরনের সঙ্গেও তুলনা করছেন।
যাঁরা এই পথে চলছেন, তাঁরা ‘ক্যাজুয়াল’ সম্পর্কের ভান করেন না। আবার ধোঁয়াশাপূর্ণ বার্তার আড়ালে আসল ইচ্ছাও লুকিয়ে রাখেন না। তবে এর মানে এই নয় যে প্রথম দেখাতেই বিয়ে বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করতে হবে। ‘দেখা যাক কী হয়’ ধরনের অস্পষ্টতার বদলে নিজের লক্ষ্যটুকু পরিষ্কার করে বলাই এখানে মুখ্য। যেমন, সঠিক মানুষের দেখা পেলে গুরুত্বপূর্ণ সম্পর্কে যেতে চাওয়ার কথা সরাসরি জানিয়ে দেওয়া।
সম্পর্ক-বিশ্লেষকদের মতে, শুরুতেই চাওয়া-পাওয়া জানা থাকলে দুজনেই দ্রুত বুঝতে পারেন, তাঁরা একই পথের যাত্রী কি না। এতে দীর্ঘদিন অনিশ্চয়তায় ভোগা কিংবা জীবনের বড় বিষয়ে ভিন্ন মত অনেক পরে জানার ঝুঁকি কমে। একজন স্থায়ী সম্পর্ক চাইছেন, আর অন্যজন শুধু সময় কাটাতে চাইছেন, এমন পরিস্থিতিও সহজে এড়ানো যায়।
এই ধারা জনপ্রিয় হওয়ার পেছনে একাধিক কারণ দেখছেন সংশ্লিষ্টরা। তিন দিন পর বার্তার উত্তর দেওয়া কিংবা আগ্রহ নেই বলে দেখানোর কৌশল এই প্রজন্মের কাছে ক্লান্তিকর। মানসিক স্বাস্থ্য, ক্যারিয়ার ও ব্যক্তিগত সীমারেখার মতো বিষয়ে খোলামেলা কথা বলতে অভ্যস্ত তরুণদের কাছে সম্পর্কের ক্ষেত্রে লুকোচুরি অপ্রয়োজনীয় মনে হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের নানা দিক তুলে ধরার অভ্যাসও এতে প্রভাব ফেলছে। কেমন সঙ্গী চান, তা প্রকাশ্যে বলা এখন অনেকের কাছে সংকোচের নয়, বরং আত্মবিশ্বাসের পরিচায়ক। ডেটিং অ্যাপ টিন্ডারও এক প্রচারণায় জানিয়েছে, অস্পষ্টতায় বিরক্ত জেন জির কাছে স্বচ্ছতাই এখন সবচেয়ে আকর্ষণীয়।
তবে সবাই একে নিঃশর্তভাবে ভালো বলছেন না। যুক্তরাষ্ট্রের একজন কাপলস থেরাপিস্টের মতে, ‘যাঁরা আত্মবিশ্বাসী এবং নিজের চাওয়া সম্পর্কে স্পষ্ট, তাঁদের জন্য এই পদ্ধতি ডেটিংকে সহজ করতে পারে। কিন্তু অনেকের কাছে এটি ভালোবাসাকে জোর করে আদায়ের চেষ্টা বলে মনে হতে পারে। তা ছাড়া কেবল সততা থাকলেই সম্পর্ক সফল হবে, এমন নিশ্চয়তা নেই। পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস ও নিরন্তর চেষ্টাই সম্পর্ককে টেকসই করে।’
তবু অনিশ্চয়তা ও ছলনার বদলে স্পষ্ট যোগাযোগ দিয়ে শুরু হওয়া সম্পর্ক তুলনামূলক মজবুত হয়, এমনটাই মনে করছে আজকের তরুণ প্রজন্ম।
মতামত দিন