Views Bangladesh Logo

টাকা নেই, স্বজনও নেই; প্রসববেদনায় অসহায় রুমার পাশে শাহজাদপুরের ইউএনও

Masum   Hossain

মাসুম হোসেন

২৬ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারী রুমা খাতুন। তৃতীয় সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলেও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্য ছিল না তার। মাস ছয়েক হলো পারিবারিক দ্বন্দ্বে স্বামীর সঙ্গেও নেই তার যোগাযোগ। শুধু তা-ই নয়, কোনো স্বজনই রুমার পাশে দাঁড়াননি।

এমন অবস্থায় চিকিৎসা ও আর্থিক সহায়তার আশায় দ্বারে দ্বারে ঘুরছিলেন রুমা। অবশেষে সাহায্যের জন্য আবেদন করেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের কাছে।

রুমা খাতুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুপিয়াখালী গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মামুন মণ্ডল।

ইউএনওর কাছে দেওয়া লিখিত আবেদনে রুমা জানান, স্বামী মামুন মণ্ডলের সঙ্গে বর্তমানে তার কোনো ধরনের যোগাযোগ নেই। তিনি (মামুন) তার ও সন্তানদের খোঁজখবরও নেন না। রুমার মা বেঁচে নেই। তার বাবা বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে রয়েছেন। এমন অবস্থায় তার বাড়ি থেকে দেখভাল করারও কেউ নেই।

এদিকে সন্তান প্রসবের সময় কাছে চলে আসে। এমন পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যয় বহন করার মতো সামর্থ্য তার নেই। নিজের চিকিৎসার পাশাপাশি নবজাতক ও আগের দুই সন্তানের দেখাশোনা নিয়েও দুশ্চিন্তায় ছিলেন তিনি।

আবেদনে নিজের চিকিৎসা, আর্থিক সহায়তা এবং সন্তানদের দেখভালের জন্য ইউএনওর সহযোগিতা কামনা করেন রুমা।

সেইসাথে রুমা ইউএনওকে জানান তার আগের দুই সন্তানের দেখভালের জন্য ব্যবস্থা করে দিতে। কারণ তাদের কাছে রেখে লালনপালন করার সামর্থ্য তার নেই। রুমার ছয় বছর বয়সী এক ছেলে ও তিন বছরের মেয়ে সন্তান রয়েছে।

রুমার আবেদন পেয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন ইউএনও সাবরিনা শারমিন। তার চিকিৎসার ব্যবস্থা করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেন ইউএনও। পাশাপাশি রুমার শারীরিক অবস্থার খোঁজখবর রাখেন তিনি।

এর আগে, গত বুধবার (১১ নভেম্বর) প্রসবের নির্ধারিত সময় পার হয়ে গেলেও টাকার জন্য চিকিৎসাসেবা নিতে পারছিলেন না রুমা। ওই দিনই গেলেন ইউএনওর কাছে। সেখানে জানালেন তার জীবনের সমস্ত ঘটনা।

শারীরিক অবস্থার অবণতি ঘটায় পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) রুমা ইউএনওকে ফোন করেন। ফোন পেয়ে রুমার বাড়িতে যান ইউএনও। সেখানে গিয়ে রুমার শারীরিক অবস্থা দেখে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন তিনি। ওই দিন ইউএনওর ব্যবস্থাপনায় রুমাকে শাহজাদপুরের ফাতেমা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন মধ্যরাতে রুমাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। মেয়ে সন্তানের জন্ম দেন রুমা। তার নাম রাখা হয় জান্নাত।

সন্তান জন্মের পরও রুমা ও তার সন্তানদের দেখভাল করছেন ইউএনও। আজ রোববার (১৫ নভেম্বর) পর্যন্ত উপজেলার মনিরামপুর গ্রামে রুমার ভাড়াবাসায় ইউএনওর বাড়ি থেকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। একইসাথে রুমাকে খাদ্য সহায়তাও (চাল ও শুকনো খাবার) দেওয়া হয়েছে।

রুমা জানান, তিনি ইউএনওর কাছ থেকে যে ধরণের সাহায্য পেয়ে যাচ্ছেন-এমন সহায়তা এর আগে কোথাও পাননি।

ইউএনও সাবরিনা শারমিন ভিউজ বাংলাদেশ-কে বলেন, রুমার বিষয়টি জানার পর আমি মনে করেছি, এই সময়ে তার পাশে দাঁড়ানোটা খুব জরুরি। সন্তান জন্মের পরও রুমা যেন কোনো ধরনের অসুবিধায় না পড়েন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একজন মানুষ হিসেবে বিপদে রুমার পাশে থাকতে পেরে আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ