Views Bangladesh Logo

জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোন হকারকে বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকারকে বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে হকারদের স্বেচ্ছায় সড়ক ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রশাসক বলেন, নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো দখলমুক্ত রাখতে হকারদের নির্দিষ্ট নিয়মের মধ্যে ব্যবসা পরিচালনা করতে হবে।

তবে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে মতিঝিলে অফিস সময়ের পর নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। তাঁর পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন বিকেল ৪টার পর মতিঝিলে নির্ধারিত স্থানে হকাররা বসে ব্যবসা করতে পারবেন।

আব্দুস সালাম বলেন, সপ্তাহের সাত দিন সব জায়গায় হকারদের বসার সুযোগ দেওয়া সম্ভব নয়। নির্ধারিত স্থান ও নিয়ম মেনেই তাঁদের ব্যবসা পরিচালনা করতে হবে। একই সঙ্গে বাজার ও সড়কের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও হকারদের নিতে হবে।

নগরের পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন ফ্লাইওভারের নিচে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক।

এ ছাড়া সড়ক ও আশপাশের এলাকায় যত্রতত্র ময়লা না ফেলার জন্য ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সতর্ক করেন আব্দুস সালাম। নগরের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ