Views Bangladesh Logo

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া পরবর্তী আলোচনার কোনো মানে হয় না: ককরোচ জনতা পার্টি

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকে বসার মাত্র কয়েক ঘণ্টা আগে কঠোর বার্তা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আর কোনো বিষয়েই সরকারের সঙ্গে আলোচনা সম্ভব নয় বলে দলটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

সংগঠনটির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া
এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি কোনোভাবেই আপসযোগ্য নয়। সরকার যদি এটি মেনে না নেয় তাহলে পরবর্তী আলোচনার আর কোনো মানে হয় না।’

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান—এই তিন দফা দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত শিক্ষার্ রা।

এর আগে শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির
প্রতিনিধিদের টানা দুই ঘণ্টাব্যাপী দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, আন্দোলনকারীদের আইনি সুরক্ষা এবং ক্ষতিপূরণের বিষয়ে সরকার নীতিগতভাবে ইতিবাচক সায় দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ওই দিন জেপি নাড্ডা জানান, বিষয়টি নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে অভ্যন্তরীণ আলোচনার পর শনিবার বিকেলে পুনরায় বৈঠক হতে পারে।

এদিকে সরকারি সূত্রমতে, আপাতত শিক্ষামন্ত্রীর পক্ষেই অবস্থান নিচ্ছে কেন্দ্রীয় সরকার এবং তার পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। যদিও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাতে ইতোমধ্যেই পরীক্ষা পরিচালনাকারী সংস্থা এনটিএ-এর ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, সরানো হয়েছে শিক্ষাসচিবকে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে কঠোর শাস্তির আইন ও ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণাও দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

তবে সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কার মতে, প্রশ্নপত্র ফাঁসের মতো বড় ধরনের অনিয়মের সব দায়ভার শিক্ষামন্ত্রীর ওপরেই বর্তায়। তাই নিছক কর্মকর্তা ছাঁটাই করে সরকার পার পেতে পারে না; মূল জবাবদিহিতা শিক্ষামন্ত্রীকেই নিশ্চিত করতে হবে।

সূত্র: এনডিটিভি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ