যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে একটি ‘চমৎকার সমঝোতা’ হয়েছে বলে ঘোষণা দেওয়ার পর তেহরান এ দাবি নাকচ করে দেয়।
শুক্রবার (১২ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, আলোচনা এখনো অনিশ্চিত এবং কোনো আনুষ্ঠানিক চুক্তি চুড়ান্ত হয়নি।
ট্রাম্পের মন্তব্যের জবাবে বাকায়ি বলেন, ‘এখন পর্যন্ত ইরান চুক্তির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।’
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ওয়াশিংটন ও তেহরান সংঘাত অবসানে একটি ব্যাপক সমঝোতায় পৌঁছেছে এবং আগামী কয়েক দিনের মধ্যে ইউরোপে আনুষ্ঠানিক স্বাক্ষর হবে।
তবে ইরানের গণমাধ্যম ট্রাম্পের এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, গত দুই মাসে ট্রাম্প ৩৮ বার চুক্তি আসন্ন বলে ঘোষণা দিয়েছেন।
সংস্থাটি বলছে, ‘ইরান নিজে কোনো সম্ভাব্য সমঝোতার কথা না জানানো পর্যন্ত এ বিষয়ে ট্রাম্পের যেকোনো বক্তব্যকে তার আগের বার্তার মতোই বিবেচনা করতে হবে।’
দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যে মার্কিন-ইরান সম্পর্ক ঘিরে কূটনৈতিক অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। তেহরানের পক্ষ থেকে কোনো চুড়ান্ত চুক্তির আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনো মেলেনি।

মতামত দিন