Views Bangladesh Logo

এবারের জাতীয় নির্বাচন ইভিএমে নয়, হবে ব্যালট পেপারে: সিইসি

যে কোনো সময়ে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত আছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, এবারের জাতীয় নির্বাচন ব্যালটের মাধ্যমে হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন করা হলে সিইসি  জানান, নির্বাচনের জন্য তারাও প্রস্তুত। এবারের নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। নির্বাচন হবে ব্যালট পেপারে।

নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে অনেক আবেদন এসেছে। তবে ন্যায্যতার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করা হবে। কাউকে জেতানোর জন্য নয়, ন্যায্যতা নিশ্চিত করা হবে।

এ সময় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে জানতে চাইলে নাসির উদ্দীন বলেন, আওয়ামী লীগের অংশ গ্রহণ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে এই বিষয়ে কমিশন কোনো মন্তব্য করবে না।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের সাথে বেইমানি করা যাবে না। তারা সুষ্ঠু নির্বাচন ও বৈষম্যহীন দেশের জন্য আন্দোলন করেছে। তাই নিরপেক্ষ, ফেয়ার নির্বাচন দিতেই আমরা কাজ যাচ্ছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ