সংকট উত্তরণের দিকনির্দেশনা নেই ঘোষিত বাজেটে: সিপিডি
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মন্তব্য করেছেন, এ-বাজেটে বাস্তবতার ছোঁয়া নেই। বর্তমানে দেশ যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা নিরসনে কোনো নির্দেশনা নেই এই বাজেটে ।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ঘোষিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিপিডির নির্বাহী পরিচালক এই মন্তব্য করেন।
বাজেট প্রস্তাবনার বিভিন্ন দিক উল্লেখ করে তিনি বলেন, “সামগ্রিকভাবে সিপিডি মনে করছে এখানে বাস্তবতার ছোঁয়া নেই। এই বাজেট এমন একটা সময়ে দেয়া হলো যখন মনে করা হচ্ছিল বাজেটে উদ্ভাবনী কিছু থাকবে। কিন্তু এ বাজেট হয়েছে অতীতের আর একটা বাজেটের মতোই। বর্তমানে যেসব সমস্যার সম্মুখীন আমরা, এই বাজেট তা সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি। সংকট উত্তরণে কোনো দিক নির্দেশনাও দিতে পারেনি।”
কর সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, “আর এ কারণেই বিভিন্ন জায়গা থেকে কর আহরণের প্রচেষ্টা হচ্ছে। যেমন ভ্যাট আদায় করার চেষ্টা ।”
পার্ক বা এমিউজমেন্ট পার্ক, মোবাইল বিল বা স্থানীয়ভাবে উৎপাদিত ড্রিঙ্কস এর উপরে করারোপ নিয়ে সমালোচনা করেছেন তিনি।
সিপিডির মন্তব্য অনুযায়ী, এই বাড়তি কর প্রকারান্তরে গ্রাহকদের উপরেই পরবে। তা ছাড়া দেশে বিনোদনের স্থান এমনিতেও কম। তাই এই বাজেট দর্শনার্থীদের বিনোদনের স্থান সংকুচিত করবে বলেও ড. ফাহমিদা খাতুন মনে করেন।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কর রেয়াত করণের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। বাজার ব্যবস্থাপনার বিষয়টির উপরে গুরুত্ব আরোপ করে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কর রোহিত না করলে সাধারণ জনগণ এর কোনো সুফলই পাবে না।
মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতির বর্ণনা দিয়ে তিনি প্রশ্ন তোলেন, কীভাবে বাজেট বাস্তবায়নের লক্ষ্যপূরণ হবে? দেশে মার্কিন ডলার রিজার্ভ ৩২ বিলিয়ন করার যে লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে তা কীভাবে অর্জিত হবে?
সংকোচিত আমদানী নীতি বা ধারাবাহিক ৯%+ মূল্যস্ফীতির মাঝে তা ৬ দশমিক ৫% নামিয়ে আনা কীভাবে সম্ভব সে-সব বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
আগামীকাল শুক্রবার (৭ জুন) সকালে সিপিডি বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করবে বলে জানান ড. ফাহমিদা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে