Views Bangladesh Logo

সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুম নেই: আইনমন্ত্রী

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৪২ দিনে দেশে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার সংসদে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬ উত্থাপনকালে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আপত্তির জবাবে তিনি এসব জানান।

মন্ত্রী বলেন, ‘সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারত, কিন্তু আমরা সেই পথে হাঁটিনি। আমরা চাই না আর কোনো মা তার সন্তানকে ক্রসফায়ারের নামে হারান কিংবা গুমের শিকার হন।’ মানবাধিকার লঙ্ঘনের অতীত প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘অনেক রাজনৈতিক কর্মী ও তাদের পরিবার দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়েছেন।’

বিলটি উত্থাপনের পটভূমি ব্যাখ্যা করে আইনমন্ত্রী জানান, মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন হওয়ায় আপাতত ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন পুনর্বহাল করা হয়েছে, যাতে কার্যক্রমে কোনো শূন্যতা তৈরি না হয়।

২০২৫ সালের অধ্যাদেশের ত্রুটি তুলে ধরে তিনি বলেন, ‘এতে তদন্ত প্রক্রিয়া, সময়সীমা, জরিমানা ও ক্ষতিপূরণ নির্ধারণে স্পষ্ট কোনো নির্দেশনা নেই, ফলে ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার পথ জটিল হয়ে পড়তে পারে। এমনকি কমিশন নিজেই তদন্ত শেষে কোনো পক্ষের হয়ে মামলা করতে পারবে, যা নিরপেক্ষতার প্রশ্ন তোলে।’

মন্ত্রী বলেন, ‘যেকোনো আইন যদি গোপন উদ্দেশ্য বা পক্ষপাতমূলকভাবে প্রণয়ন করা হয়, তবে তা শুরু থেকেই বাতিলযোগ্য। তাই একটি কার্যকর ও নিরপেক্ষ মানবাধিকার আইন প্রণয়নে গভীর যাচাই-বাছাই অপরিহার্য।’

গুম প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটি এবং এ বিষয়ে ইতোমধ্যে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। তবে ২০২৫ সালের অধ্যাদেশে ‘গুম কমিশন’ সংক্রান্ত সংজ্ঞা ও দায়িত্ব নিয়ে অস্পষ্টতা রয়েছে, যা বিদ্যমান আইনের কার্যকারিতা ব্যাহত করতে পারে।’

মানবাধিকার সুরক্ষায় অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘বস্তি এলাকা থেকে শুরু করে রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে একটি শক্তিশালী আইন প্রণয়ন করা হবে।’ তিনি মনে করিয়ে দেন, একটি আইন সাধারণত দীর্ঘমেয়াদে কার্যকর থাকে, তাই তড়িঘড়ি করে ত্রুটিপূর্ণ আইন পাস না করে সব পক্ষের মতামতের ভিত্তিতে সময়োপযোগী আইন প্রণয়ন করা জরুরি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ