Views Bangladesh Logo

সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন ঈদুল আজহায় সড়ক, মহাসড়ক ও রেললাইনের ওপর কোনোভাবেই কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে সড়কের ওপর কোনো হাট বসবে না। সড়ক, রেলপথ ও নৌপথ — সব ক্ষেত্রে সমন্বিতভাবে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) সন্ধ্যায় ঈদুল আজহাকে ঘিরে সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ফেরিঘাটে বাস থেকে যাত্রীদের নামিয়ে তারপর ফেরিতে ওঠানো ও নামানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। এ জন্য প্রতিটি ঘাটে সাইনবোর্ড ও মাইকিংয়ের ব্যবস্থা থাকবে। কোনো বাসচালকের গাফিলতি পাওয়া গেলে তার লাইসেন্সের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।" এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাস মালিক ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি।

সড়ক দুর্ঘটনা রোধ ও তাৎক্ষণিক চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহাসড়কের পাশে অবস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের ট্রমা সেন্টারগুলো সক্রিয় করা হবে। সিভিল সার্জনের নেতৃত্বে সেখানে প্রয়োজনীয় সরঞ্জামসহ চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নিকটবর্তী উপজেলা ও জেলা হাসপাতালগুলোকে ঈদের সাত দিন আগে থেকেই প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদযাত্রা নিরাপদ করতে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ঈদের সাত দিন আগে থেকেই পুলিশ সদর দফতরে একটি 'মনিটরিং সেল' গঠন করা হবে। এই সেলের মাধ্যমে মহাসড়কের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ এবং জেলা পর্যায়ের তথ্য সংগ্রহ করে সার্বক্ষণিক তদারকি করা হবে।

চামড়া শিল্পের সুরক্ষা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার এবার বিশেষ কড়াকড়ি আরোপ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কোরবানির পর প্রথম সাত দিন ঢাকার বাইরে থেকে কোনো চামড়া রাজধানীতে প্রবেশ করতে পারবে না। চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ করতে হবে।"

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, ধর্মমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীসহ উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ