Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম আট দিনেই মারা গেছেন ৩৩ জন। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গুতে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়ও উল্লেখযোগ্য সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৩৪ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪০৮ জন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, ২৪২ জন। চট্টগ্রামে ১৭৭ জন, বরিশালে ১৪২ জন, রাজশাহীতে ১১৬ জন, ময়মনসিংহে ৭৭ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে আটজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ হাজার ১২৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ২১৮ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ