তুরস্কে স্কুলে ফের শিক্ষার্থীর বন্দুক হামলা, নিহত ৯
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাশ অঞ্চলে একটি স্কুলে ফের এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন।
(স্থানীয় সময়) এ তথ্য জানিয়েছেন স্থানীয় গভর্নর উনলুয়ের।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি জানান, বুধবারের (১৫ এপ্রিল) এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে হামলাকারী শিক্ষার্থীও রয়েছেন।
এ ব্যাপারে গভর্নর মুকেররেম উনলুয়ের জানান, অভিযুক্ত শিক্ষার্থী তার বাবার অস্ত্র ব্যাগে করে স্কুলে নিয়ে আসে। পরে সে দুটি শ্রেণিকক্ষে ঢুকে নির্বিচারে গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানায়, অনিকিসুবাত জেলার আইসার চালিক মিডল স্কুলে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, হামলাকারী অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল, যার বয়স আনুমানিক ১৩ থেকে ১৪ বছর।
প্রতিবেদনে আরও বলা হয়, সে তার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবার পাঁচটি আগ্নেয়াস্ত্র ও সাতটি ম্যাগাজিন সঙ্গে নিয়ে স্কুলে এসেছিল।
এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক।
উল্লেখ্য, এর আগের দিন পাশের সানলিউরফা প্রদেশের একটি উচ্চ বিদ্যালয়ে এক সাবেক শিক্ষার্থীর গুলিতে ১৬ জন আহত হন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে।
পরপর দুটি বন্দুক হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ‘আমাদের সন্তান, তাদের পরিবার এবং শিক্ষকদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে