Views Bangladesh Logo

ভারতে পর্যটকবাহী স্লিপার বাসে ভয়াবহ আগুন, ৯ যাত্রীর প্রাণহানি

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় পর্যটকবাহী একটি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে যমুনা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই তখন ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাসে আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ায় অনেকেই বের হওয়ার সুযোগ পাননি।

জানা গেছে, বাসটি নয়ডা থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। পথে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসকে গ্রাস করে। আতঙ্কিত কয়েকজন যাত্রী জানালা দিয়ে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করেন। পরে এক্সপ্রেসওয়ের পাশে বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী জানান, আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দরজায় ধাক্কার শব্দে ঘুম ভাঙলে চারপাশে লোকজনের ভিড় দেখতে পান। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল ছিল যে কোনো মালপত্র নেওয়ার সুযোগ পাননি। এমনকি জুতা পরার সময়ও পাননি। শুধু ফোনটি নিয়ে বাস থেকে বের হওয়ার চেষ্টা করেন।

ওই যাত্রী আরও জানান, বাসের ভেতরে প্রচণ্ড ভিড় থাকায় সবাই একে অন্যকে ধাক্কাধাক্কি করছিলেন। একপর্যায়ে একজন তাকে টেনে বাসের বাইরে বের করে নেন। তখন পুরো বাস ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং ভেতরে থাকা যাত্রীদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। যারা কোনোভাবে বের হতে পেরেছেন, তারাই প্রাণে বেঁচেছেন বলে জানান তিনি।

ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজ নেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি নিহতদের স্বজনদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ