নাইজেরিয়ায় বিমান বাহিনীর হামলায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের সদস্যদের ধাওয়া করতে গিয়ে দেশটির সামরিক বিমান ‘ভুলবশত’ একটি গ্রামের বাজারে হামলা চালায়। এতে অন্তত শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (১২ এপ্রিল) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, শনিবারের (১১ এপ্রিল) এই হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।
স্থানীয় প্রধান লাওয়ান জান্না নুর গেইদাম এএফপিকে বলেন, ‘নিহত ও আহত মিলিয়ে মোট হতাহতের সংখ্যা প্রায় ২০০ জন।’
জানা গেছে, সীমান্তবর্তী ইয়োবে রাজ্যের জিল্লি গ্রামে হামলাটি চালানো হয়, যা বোর্নো রাজ্যের সীমান্তবর্তী এলাকা। এটি দীর্ঘদিন ধরে চলা বোকো হারাম বিদ্রোহের কেন্দ্রস্থল, যেখানে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এ ঘটনায় এক বিবৃতিতে দেশটির বিমান বাহিনী জানায়, তারা বোর্নো রাজ্যের জিল্লি অক্ষে বোকো হারাম যোদ্ধাদের হত্যা করেছে।
তবে তারা বাজারে হামলা চালানোর কথা সরাসরি স্বীকার না করলেও পরে এক বিবৃতিতে ইয়োবে রাজ্য সরকার জানায়, ওই এলাকায় একটি বাজারের কাছে বিমান হামলা চালানো হয়েছে।
ইয়োবে রাজ্যের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল দাহিরু আব্দুলসালাম বলেন, “বোর্নোর গুবিও এলজিএ’র সীমান্তবর্তী গেইদাম এলজিএ থেকে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা জিল্লির সাপ্তাহিক বাজারে গিয়েছিলেন।”
ইয়োবে স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (সেমা) জানিয়েছে, জিল্লি গ্রামের বাজারে বিমান হামলার ঘটনার প্রাথমিক প্রতিবেদন তারা পেয়েছে, যাতে “কিছু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।”
সংস্থাটি জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।
জান্না নুর জানান, হামলায় আহত হওয়া অনেককে আশপাশের গেইদাম ও মাইদুগুরি হাসপাতালে নেওয়া হয়েছে।
ইয়োবের গেইদাম জেনারেল হাসপাতালের এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, এ ঘটনায় আহত ২৩ জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে