Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস সদস্য নিহত

ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ১৭৫ সদস্য যৌথ বিমান ও স্থল অভিযানে নিহত হয়েছেন বলে জানিয়েছে নাইজেরিয়ার সামরিক বাহিনী। দেশটির সামরিক বাহিনীর দাবি, গত তিন দিনে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ বাহিনী উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রতিরক্ষা মুখপাত্র সামাইলা উবা বলেন, ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত পরিচালিত অভিযানে আইএস-সংশ্লিষ্ট বিভিন্ন ঘাঁটি, অস্ত্রভান্ডার ও লজিস্টিক কেন্দ্র ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে একাধিক চেকপোস্টও গুঁড়িয়ে দেওয়া হয়।

সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, অভিযানে আইএসের পশ্চিম আফ্রিকা শাখার সক্রিয় সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়। আফ্রিকাজুড়ে সংগঠনটির কার্যক্রম পরিচালনায় এই শাখাটি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে।

নাইজেরিয়া দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ ও সহিংসতার মুখোমুখি। বিশেষ করে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স এবং বোকো হারাম উত্তরাঞ্চলে বহু বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।

সাম্প্রতিক এই অভিযানকে দেশটির চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে উল্লেখ করেছে সামরিক বাহিনী। এতে যুক্তরাষ্ট্রের সহায়তাও রয়েছে। এর আগে প্রশিক্ষণ ও সমন্বয় সহায়তার জন্য প্রায় ১০০ মার্কিন সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল বলে জানানো হয়।

নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তরের দাবি, অভিযানে আইএসের জ্যেষ্ঠ নেতা হিসেবে পরিচিত আবু বিলাল আল-মুনুকি ১৬ মে নিহত হয়েছেন। এছাড়া ১৭ থেকে ১৯ মে পর্যন্ত বিভিন্ন হামলায় আরও কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

সামরিক বাহিনী জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এর মাধ্যমে অঞ্চলে জঙ্গিগোষ্ঠীগুলোর ওপর সামরিক চাপ আরও বাড়ানো হবে বলে ইঙ্গিত দিয়েছে নাইজেরিয়ার কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ