Views Bangladesh Logo

একাদশে না থাকলেও দলের মনোবল বাড়াতে মাঠেই থাকবেন নেইমার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বজয়ের নতুন মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মাঠে নামছে সেলেসাওরা। চোটের কারণে এই ম্যাচে মাঠে নামা হচ্ছে না দলের সবচেয়ে বড় তারকা নেইমারের। তবে খেলতে না পারলেও নতুন ও তরুণ ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে এবং দলের মনোবল বাড়াতে স্টেডিয়ামের উদ্দেশে রওনা হওয়া ব্রাজিলের অফিশিয়াল টিম বাসে সতীর্থদের সঙ্গী হয়েছেন এই পোস্টার বয়।

ডান পায়ের কাফ ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে একাদশে থাকতে পারছেন না নেইমার। তবে বল পায়ে মাঠ মাতাতে না পারলেও ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় দলের বাকি ২৫ জন সতীর্থের সাথে মাঠের একদম কেন্দ্রবিন্দুতে সারিবদ্ধভাবে দাঁড়াবেন তিনি।

ফিফার নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে স্কোয়াডে থাকা ২৬ জন ফুটবলারই ম্যাচ শুরুর মূল ড্রিল এবং জাতীয় সঙ্গীতের সময় একসঙ্গে মাঠে উপস্থিত থাকার অনুমতি পাবেন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই নিয়মের সুবাদেই প্রথাগত একাদশে না থেকেও আজ মেটলাইফ স্টেডিয়ামের সবুজ গালিচায় চেনা ১০ নম্বর জার্সি গায়েই হাজির থাকছেন নেইমার।

সর্বশেষ গত ১৭ মে মাঠের লড়াইয়ে চোটে পড়েন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেদিন সান্তোস এফসির হয়ে কুরিতিবার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে তার ‘কাফ মাসলে’ (পায়ের পেছনের পেশি) সমস্যা দেখা দেয়। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে সেটিই ছিল এই তারকার খেলা সর্বশেষ ম্যাচ। চোটের কারণে মাঠের বাইরে থাকলেও দলের প্রথম ম্যাচে তার এই উপস্থিতি সেলেসাও শিবিরে বাড়তি অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ