পূর্ণ ৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের জন্য স্বস্তির খবর দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র পুরো ৯০ মিনিট খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
ব্রাজিলের প্রভাবশালী সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলোকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার শারীরিক ও মানসিকভাবে দারুণ অবস্থায় রয়েছেন। তার ভাষায়, ‘হ্যাঁ, সে পুরো ৯০ মিনিট খেলতে প্রস্তুত।’
আনচেলত্তি জানান, নেইমার নিজেও পুরো ম্যাচ খেলতে মুখিয়ে আছেন। ইনজুরি থেকে ফেরার পুরো সময়ে দলের প্রতি তার নিষ্ঠা ও পেশাদারিত্ব ছিল প্রশংসনীয়। তিনি বলেন, রো সময় খেলতে না পারায় সে পুরোপুরি খুশি নয়, কিন্তু তার আচরণ ছিল নিখুঁত। মাঠে তার ফুটবল দক্ষতা যেমন অসাধারণ, মাঠের বাইরেও সে অত্যন্ত বিনয়ী। দলের সবাই তাকে খুব পছন্দ করে, সে আমাদের জন্য বড় সম্পদ।
জাপানের বিপক্ষে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোলের পর কেন তাকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি, সে ব্যাখ্যাও দেন ব্রাজিল কোচ। আনচেলত্তি বলেন, শেষ বাঁশি বাজার আগে আমার কাছে ম্যাচ শেষ হয় না। মার্টিনেল্লির গোলের পরও কয়েক মিনিট বাকি ছিল। কোচিং ক্যারিয়ারে অনেকবার ভেবেছি ম্যাচ জিতে গেছি, কিন্তু শেষ মুহূর্তে হেরে গেছি। তাই জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি শান্ত থাকি।
নরওয়েকে কঠিন প্রতিপক্ষ হিসেবেও সতর্ক করেছেন আনচেলত্তি। তিনি বলেন, নরওয়ে খুবই সংগঠিত দল এবং তাদের দলে কয়েকজন বিশ্বমানের ফুটবলার আছে। এরলিং হালান্ড বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। ম্যাচটি কঠিন হবে, তবে আমরা আমাদের সেরা ফুটবল খেলতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারব।
বাংলাদেশ সময় রোববার (৫ জুলাই) রাত ২টায় বিশ্বকাপের শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে।
মতামত দিন