অবশেষে মাঠে থাকবে নেইমার, তবে খেলা নিশ্চিত নয়
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। তবে মায়ামি স্টেডিয়ামের এই গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলবেন কি না, তা খোলসা করেননি সেলেসাওদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরিয়েছেন আনচেলত্তি। তবে কাফ ইনজুরির (পায়ের পেশির চোট) কারণে চলতি বিশ্বকাপে এখনো মাঠে নামা হয়নি তার।
মঙ্গলবার (২৩ জুন) সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি বলেন, “নেইমার এখন খেলার জন্য প্রস্তুত। এই সপ্তাহে সে পুরোদমে কাজ করেছে এবং স্কটল্যান্ড ম্যাচে তাকে পাওয়া যাবে। সে দলে ফেরায় আমরা খুবই আনন্দিত। কারণ তার খেলার যে মান, তা নিশ্চিতভাবেই দলকে অনেক সাহায্য করবে।”
নেইমারের দলে থাকা নিয়ে কোচ আরও বলেন, “আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। চোট থেকে দ্রুত সেরে ওঠার জন্য সে অত্যন্ত গুরুত্ব সহকারে কঠোর পরিশ্রম করেছে। আমি তার নিবেদনে খুশি। সে যদি মাঠে নাও নামে, তবুও তার অভিজ্ঞতা ও ফুটবল জ্ঞান দিয়ে তরুণ খেলোয়াড়দের সাহায্য করতে পারবে। দলের সাথে সে চমৎকার সময় কাটাচ্ছে।”
নেইমার কতক্ষণ খেলতে পারবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রসিকতা করে আনচেলত্তি বলেন, “সে চাইলে ৯০ মিনিটই খেলতে পারে, তবে হেঁটে হেঁটে! না, মজা করছিলাম—সে এখন সম্পূর্ণ ফিট আছে এবং খুব ভালোভাবে অনুশীলন সেশন শেষ করেছে।”
গ্রুপ ‘সি’তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে হারায় ব্রাজিল। স্কটল্যান্ডকে হারালেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নিশ্চিত করবে শেষ ৩২-এর টিকিট।
দলের পারফরম্যান্সের গ্রাফ নিয়ে আত্মবিশ্বাসী আনচেলত্তি বলেন, “বিশ্বকাপের মঞ্চে এই জার্সির প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে বিশাল এক দায়বদ্ধতা রয়েছে। আমাদের প্রথম ম্যাচটি আশানুরূপ হয়নি, তবে দ্বিতীয় ম্যাচে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমার বিশ্বাস, তৃতীয় ম্যাচটি সেরা ম্যাচ হবে।”
এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন উইঙ্গার রাফিনিয়া। তার জায়গায় একাদশে কে আসছেন, তা গোপনই রেখেছেন কোচ।
অন্যদিকে এক জয় ও এক হার নিয়ে টেবিলের সমীকরণে থাকা স্কটল্যান্ডকে সহজভাবে নিচ্ছেন না ৬৭ বছর বয়সী এই মাস্টারমাইন্ড। স্কটিশদের প্রশংসা করে তিনি বলেন, “স্কটল্যান্ডের মানসম্মত খেলোয়াড় আছে। তারা লড়াকু ফুটবল খেলে এবং দল হিসেবে বেশ গোছানো।”
নিজেদের বেস ক্যাম্প নিউ জার্সি থেকে মায়ামি আসার পথে মঙ্গলবার ব্রাজিলের ফ্লাইট কিছুটা বিলম্বিত হয়, যার কারণে আনচেলত্তির সংবাদ সম্মেলনও কিছুটা দেরিতে শুরু হয়। তবে কোচ হিসেবে নিজের প্রথম বিশ্বকাপ উপভোগের এই আনন্দকে ছোটখাটো এই জটিলতা নষ্ট করতে পারবে না বলে জানান এই ইতালিয়ান কোচ।
মতামত দিন