ঢাকায় নতুন সংসার, দেড় মাসেই গ্যাস বিস্ফোরণে ঝরে গেল নবদম্পতি ও শিশুর প্রাণ
রাজধানীর উত্তর বাড্ডায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে কুমিল্লার দেবিদ্বারের এক নবদম্পতি ও তাদের সঙ্গে থাকা আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তিন দিনের ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাহিমা আক্তার, তার স্বামী আনোয়ার হোসেন শাহিন এবং ভাগনি হাফসা।
গত ২১ জুলাই রাত ৩টার দিকে উত্তর বাড্ডার ভাটারা এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, দেবিদ্বারের গোমতী আবাসিক এলাকার বাসিন্দা গোলাম হোসেনের ছোট মেয়ে ফাহিমা আক্তার জাফরগঞ্জ মীর আব্দুল গফুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে অনার্সে ভর্তি হয়েছিলেন। পড়াশোনার পাশাপাশি কেক তৈরি ও পোশাক বিক্রির অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় দেড় মাস আগে স্বামী শাহিনকে নিয়ে নতুন সংসার শুরু করতে ঢাকায় ভাড়া বাসায় ওঠেন। তাদের সঙ্গে ছিলেন ফাহিমার বড় বোনের মেয়ে হাফসাও।
চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে শাহিন, শুক্রবার শিশু হাফসা এবং শনিবার সন্ধ্যায় শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ ফাহিমা আক্তারের মৃত্যু হয়।
শুক্রবার হাফসাকে দেবিদ্বারের সুলতানপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শাহিনকে দাফন করা হয় বাঙ্গুরী গ্রামের পারিবারিক কবরস্থানে। রোববার সকালে গোমতী আবাসিক এলাকার চানমিয়া মার্কেট মাঠে ফাহিমার জানাজা শেষে স্বামীর পাশেই তাকে দাফন করা হয়।
ফাহিমার বাবা গোলাম হোসেন অভিযোগ করেন, বাসায় ওঠার পর থেকেই গ্যাস লিকেজের বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সময়মতো ব্যবস্থা নিলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল বলে দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মতামত দিন