স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আদ্-দ্বীনের বাতাস
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ‘গ্যাস লিকেজে’ পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার সময় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয়জন সদ্য ভূমিষ্ঠ শিশু ছিল। মারা যাওয়া শিশুদের বয়স এক থেকে দুই দিনের মধ্যে।
এই ঘটনার পর হাসপাতালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
এক শিশুর দাদি কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, চিকিৎসকেরা যদি পরিস্থিতি সামাল দিতে না পারেন, তাহলে তাদের অন্য হাসপাতালে যেতে বলা উচিত ছিল।
তিনি জানান, তার নাতনিকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানানো হয় এবং ওষুধ কেনার জন্য কয়েক হাজার টাকা খরচও করানো হয়। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর গিয়ে জানতে পারেন, শিশুটি আর বেঁচে নেই।
তিনি আরও অভিযোগ করেন, রাতে ওয়ার্ডে পর্যাপ্ত ডাক্তার ও নার্স ছিলেন না। বাচ্চারা সারারাত কান্না করছিল এবং একে একে অসুস্থ হয়ে পড়ছিল।
সন্তান হারানো আরেক মা বলেন, রাতে ওয়ার্ডের প্রায় সব শিশুই কান্না ও বমি করছিল। তারা কেউ বুঝতে পারেননি কী ঘটছে। সকালে শিশুর অবস্থা খারাপ হলে তাকে বাইরে নেওয়া হয়। পরে এনআইসিইউতে নেওয়ার পর চিকিৎসকেরা প্রথমে আশ্বস্ত করলেও কিছু সময়ের মধ্যেই শিশুটির মৃত্যুর খবর দেওয়া হয়।
এদিকে বেলা বাড়ার সাথে সাথে হাসপাতালে উদ্বিগ্ন স্বজনদের ভীড় বাড়তে থাকে। তাদের কান্নার আওয়াজে ভারী হয়ে উঠে পরিবেশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কোনকিছু দিয়েই সন্তানহারা মায়েদের সান্ত্বনা দেয়া যাচ্ছিল না।
শিশুমৃত্যুর ব্যাপারে হাসপাতালের চিকিৎসক ডা. নাহিদা ইয়াসমিন বলেন, পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ১১ জন মা ও ছয়জন শিশু ছিল। প্রথমে দুটি শিশু অসুস্থ হলে তাদের এনআইসিইউতে নেওয়া হয়। পরে আবার ওয়ার্ডে পাঠানো হয়। সকাল ৬টার দিকে আবারও শিশুরা অসুস্থ হয়ে পড়লে তাদের এনআইসিইউতে নেওয়া হয়। পরে ভেন্টিলেশনে রাখা হলেও তাদের বাঁচানো যায়নি।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ছয় নবজাতক শিশুসহ ১১ জন মা পোস্ট অপারেটিভ রুমে অবস্থান করছিলেন। ঠান্ডা অনুভূত হওয়ায় এক নবজাতকের মা এসি বন্ধ রাখতে অনুরোধ করেন। পরে নার্স প্রায় এক ঘণ্টার জন্য এসি বন্ধ রাখেন। এরপর গরম লাগায় আবার এসি চালু করা হলে দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পর বাকি চার শিশুও অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম টিম কাজ করছে। আলামত সংগ্রহ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে