Views Bangladesh Logo

নিউইয়র্কের সরকারি স্কুলে এক বছরের জন্য এআই নিষিদ্ধ

নিউইয়র্ক সিটির প্রাথমিক ও নিম্নমাধ্যমিক সরকারি স্কুলগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে এক বছরের সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে নগর কর্তৃপক্ষ। নতুন এ নীতিমালার আওতায় অষ্টম শ্রেণি পর্যন্ত সরকারি বিদ্যালয়ের প্রায় ৬ লাখ শিক্ষার্থী শ্রেণিকক্ষে এআই ব্যবহার করতে পারবে না।

শ্রেণিকক্ষে প্রযুক্তিনির্ভরতা কমিয়ে শিক্ষার্থীদের মানবিক যোগাযোগ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুল ডিস্ট্রিক্টের নেওয়া উদ্যোগগুলোর মধ্যে নিউইয়র্কের এ সিদ্ধান্তকে সবচেয়ে কঠোর পদক্ষেপগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, শহরের শ্রেণিকক্ষগুলোতে বর্তমানে ব্যবহৃত শিক্ষা-সংক্রান্ত প্রায় ৪০টি এআই টুলের ব্যবহার অবিলম্বে স্থগিত হবে।

মেয়র বলেন, শিশুদের শেখা ও স্বাভাবিক বিকাশের জন্য শিক্ষকের উপস্থিতি এবং মানবিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। সহপাঠীদের সঙ্গে মিলে দক্ষতা বাড়ানো, শিক্ষকদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা এবং নিজের সক্ষমতায় কঠিন সমস্যার মোকাবিলা করতে শেখা শিক্ষার্থীদের জন্য বেশি জরুরি।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নীতিমালার ফলে অষ্টম শ্রেণি পর্যন্ত সরকারি বিদ্যালয়ের প্রায় ৬ লাখ শিক্ষার্থী শ্রেণিকক্ষে এআই ব্যবহার করতে পারবে না। তবে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এআই ব্যবহারের সুযোগ পাবে। পাঠ পরিকল্পনা ও সময়সূচি তৈরির মতো দাপ্তরিক কাজে শিক্ষকদের এআই ব্যবহারের অনুমতিও থাকছে।

শ্রেণিকক্ষে এআই ব্যবহারের নীতিমালা পর্যালোচনা করছে লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি স্কুল ডিস্ট্রিক্ট। নিউইয়র্কের সিদ্ধান্তকে তাই দেশজুড়ে এআই ব্যবহারের ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের নতুন করে অবস্থান পর্যালোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পরপরই নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে এআই ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং এর পরিবর্তে এআইচালিত বিশেষায়িত টিচিং অ্যাসিস্ট্যান্ট চালু করা হয় বলে জানিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের অংশীদার মাইক্রোসফট।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে গুগল, অ্যানথ্রপিক ও মাইক্রোসফট কোনো সাড়া দেয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ