অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ করল নিউইয়র্ক
শিশুদের শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। বুধবার (২ সেপ্টেম্বর) শহরের মেয়র জোহরান মামদানি এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের অন্যতম বড় স্কুল বোর্ড নিউইয়র্কের এ সিদ্ধান্ত সারা দেশে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এর আওতায় শহরের পাবলিক স্কুলের প্রায় ৬ লাখ শিক্ষার্থী প্রভাবিত হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এআই ব্যবহার করতে পারবে না। তবে হাইস্কুলের শিক্ষার্থীদের ক্ষেত্রে সীমিত পরিসরে কয়েকটি পাইলট কর্মসূচিতে এআই ব্যবহারের সুযোগ থাকবে। এ ছাড়া তাদের বছরে দুবার এআই সাক্ষরতা বিষয়ে ক্লাস করানো হবে।
মানসিক সহায়তার জন্য বিশেষভাবে তৈরি ‘কম্প্যানিয়ন চ্যাটবট’ অবশ্য সব শ্রেণির শিক্ষার্থীদের জন্যই নিষিদ্ধ থাকবে।
এক বিবৃতিতে মেয়র জোহরান মামদানি বলেন, প্রযুক্তি শিল্প এআইনির্ভর প্রাথমিক শিক্ষা শুধু অনিবার্য নয়, প্রয়োজনীয়—এমন ধারণা তৈরি করতে চায়। কিন্তু নিউইয়র্ক বিষয়টিকে সেভাবে দেখছে না।
মেয়র বলেন, শিশুদের শেখা ও বেড়ে ওঠার জন্য শিক্ষক এবং মানবিক সংযোগ প্রয়োজন। সহপাঠীদের সঙ্গে তাদের দক্ষতা বিকাশ, শিক্ষকদের সঙ্গে সম্পর্ক তৈরি এবং কঠিন সমস্যার সমাধান নিজেদের চেষ্টায় শেখা জরুরি।
তবে শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও শিক্ষকরা পাঠ পরিকল্পনা তৈরি ও প্রশাসনিক কাজের ক্ষেত্রে এআই ব্যবহার করতে পারবেন।
২০২৬-২৭ শিক্ষাবর্ষজুড়ে এ নিষেধাজ্ঞার প্রভাব মূল্যায়ন করা হবে। এ লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রযুক্তি শিল্পের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি টাস্কফোর্স কাজ করবে। পরে তারা এ বিষয়ে নিজেদের ফলাফল প্রকাশ করবে।
বুধবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুলও এ বিষয়ে বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি যেন শিশুদের শিক্ষা ও বিকাশের পথে বাধা হয়ে না দাঁড়ায়, বরং তাদের সহায়তা করে তা নিশ্চিত করার দায়িত্ব সবার।
মতামত দিন