‘প্রোপাগান্ডা বট’ নামে একটি নতুন অস্ত্র তৈরি হয়েছে: রিজভী
‘প্রোপাগান্ডা বট’ নামে একটি নতুন অস্ত্র তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অপপ্রচার ও মিথ্যাচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
রুহুল কবির রিজভী বলেন, সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে আমাদের সংগ্রামের মতো করে জিততে হবে। কারণ চারদিকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচার চলছে। আজ প্রযুক্তির মাধ্যমে ‘প্রোপাগান্ডা বট’ নামে একটি নতুন অস্ত্র তৈরি করা হয়েছে। এই প্রোপাগান্ডা বট ব্যবহার করে মানুষের চরিত্রহনন, কুৎসা রটনা ও মিথ্যা প্রচারের যেন শেষ নেই।
রিজভী বলেন, যারা গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছে, যারা গুপ্ত বা সুপ্তভাবে আওয়ামী লীগের আবরণের নিচে আশ্রয় নেয়নি, যারা সত্য ও ন্যায়ের কথা রুদ্র আলোয় স্পষ্টভাবে বলেছে—আজ তাদের বিরুদ্ধেই সুপরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে।
তিনি বলেন, এই কুৎসিত অপপ্রচারের বিরুদ্ধে আমাদের কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয়শিল্পী ও সুরকারদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের সুললিত ধ্বনি, শক্তিশালী শব্দ ও সৃজনশীলতার মাধ্যমেই চলমান অপপ্রচারের কষাঘাতকে পরাজিত করা সম্ভব।
জাসাস নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, জাসাসের রাজনীতি হবে ভিন্নতর। গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে