ডায়াবেটিস-ক্যানসার ঠেকাবে আলুর নতুন তিন জাত
রঙিন মিষ্টি আলুর চেয়েও বেশি পুষ্টি ও ঔষধি গুণসম্পন্ন নতুন তিনটি জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকরা। ‘বাউ মিষ্টি আলু-৭, ৮ ও ৯’ নামের এসব আলু খেলে ক্যানসার, ডায়াবেটিসসহ নানা রোগ প্রতিরোধে কাজ করবে বলে জানিয়েছেন গবেষক ও চিকিৎসকরা।
তারা জানান, রঙিন আলুর জাতগুলো সাধারণ আলুর চেয়ে তিনগুণ বেশি ফলনশীল। প্রতিটি গাছে মিলবে এক থেকে দেড় কেজি আলু। ৯০ থেকে ১০০ দিনের মধ্যেই ফলন পাওয়া যাবে। চাষ করা যাবে সারা বছর। এই আলুচাষে লাভবান হবার পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা মেটাতেও সহায়ক হবেন কৃষকরা।
পেরু থেকে বীজ এনে পাঁচ বছরের গবেষণায় এই সফলতা পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. আরিফ হাসান খান ও তার সহযোগী নবীণ গবেষকরা। নতুন জাতের আলুগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে দেয়ার উদ্যোগও নিয়েছেন তারা।
অধ্যাপক আরিফ হাসান বলেন, ‘ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের সদর দপ্তর পেরুর রাজধানী লিমা থেকে বীজ এনে পলিক্রস ব্রিডিংয়ের মাধ্যমে চারা উৎপাদন করা হয়। এরপর পাঁচ বছরের গবেষণায় মিষ্টি আলুর রঙিন তিনটি জাত উদ্ভাবিত হয়। সেগুলো চাষ করে সফলতা পাওয়া গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-২-এর প্রধান ডা. খুরশেদ আলম জানান, বেগুনি, কমলা ও গোলাপি রঙের এসব আলুতে প্রচুর পরিমাণ অ্যান্থোসায়ানিন, কেরাটিন ও ফাইবার রয়েছে। এগুলো নিয়মিত খেলে মানবদেহে ক্যানসার, ডায়াবেটিসসহ নানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
গবেষক দলের সহযোগীরা জানান, গবেষণাকাজের সঙ্গে জড়িত থেকে তারা অনেক ধারণা পেয়েছেন। জেনেছেন গবেষণার প্রক্রিয়াও। এখন আলুর চাষ ছড়িয়ে দিতে কাজ করছেন তারা।
মতামত দিন