Views Bangladesh Logo

নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলসের উত্তরে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যাসটেইক লেক এলাকায় দ্রুতগতিতে ছড়িয়ে পড়া দাবানলে প্রায় ২১ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বন ও গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে। এই দাবানলের কারণে হাজারো স্থানীয় বাসিন্দাকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) লস অ্যাঞ্জেলস কাউন্টির ক্যাসটেইক লেক এলাকায় চলমান দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে, যেটি লস অ্যাঞ্জেলস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে অবস্থিত।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ এটিকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি হিসেবে চিহ্নিত করে বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাসটেইক লেক এলাকায় বসবাস করেন প্রায় ১৮ হাজার ৬০০ মানুষ। দাবানলে এই পাহাড়ি এলাকার গাছপালা ও বন ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার আহ্বান জানিয়ে লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের রবার্ট জেনসেন বলেন, ‘বিধ্বংসী দাবানলে ইটন, প্যালিসেডস এলাকাসহ অন্যান্য অঞ্চলে যাদের মর্মান্তিক মৃত্যু হয়েছিল, আমি চাই না আমাদের কমিউনিটি সেই একই পরিণতির শিকার হোক।’

সেই ঘটনায় ২৮ জন নিহত এবং হাজারো পরিবার গৃহহীন হয়ে পড়েছিল বলে জানা গেছে।

মার্কিন টেলিভিশনের খবরে বলা হয়েছে, ক্যাসটেইক লেক এলাকায় ঘুরে ঘুরে বাসিন্দাদের এলাকা ছাড়ার অনুরোধ করছে পুলিশ। অপরদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থল এবং আকাশপথে আগুন নেভানোর চেষ্টা করছে।

এই শক্তিশালী দাবানল মোকাবিলায় লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট ও ন্যাশনাল ফরেস্টের কর্মীরা একযোগে কাজ করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ