নিউক্লিয়ার মেডিসিন সোসাইটির বার্ষিক সম্মেলনে থাইরয়েড ক্যান্সারের নতুন প্রোটোকল উপস্থাপন
দেশের পরমাণু চিকিৎসা বিশেষজ্ঞদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিনের ২৯তম জাতীয় সম্মেলন শুক্রবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই সম্মেলনে পরমাণু চিকিৎসার নানা সমসাময়িক বিষয়ে প্রায় অর্ধশত বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করা হয়।
সম্মেলনের আলোচিত অংশ ছিল অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী ও অধ্যাপক ডা. জিনাত জেবিনের যৌথ উপস্থাপনা। তারা অতিসক্রিয় থাইরয়েড ও থাইরয়েড ক্যান্সার চিকিৎসায় নতুন প্রোটোকল-২০২৬ তুলে ধরেন, যা দেশের পরমাণু চিকিৎসায় একটি নতুন মাত্রা যোগ করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন। তিনি চিকিৎসক ও বিজ্ঞানীদের গবেষণায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি অধ্যাপক ডা. ফারিয়া নাসরিন।
সম্মেলনে তরুণ গবেষকদের ইয়ং সায়েন্টিস্ট পুরস্কার দেওয়া হয় এবং বার্ষিক সাধারণ সভায় ২০২৬-২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সানোয়ার হোসেন সভাপতি নির্বাচিত হন। জ্যেষ্ঠ সহ-সভাপতি হন বিএমইউর নিনমাস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী, সাধারণ সম্পাদক হন সোহরাওয়ার্দী হাসপাতালের ইনমাস পরিচালক অধ্যাপক ডা. জিনাত জেবিন এবং কোষাধ্যক্ষ হন অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক।

মতামত দিন